এসএসসি পরীক্ষায় কঠোর নজরদারি: সিসিটিভি বাধ্যতামূলকসহ ১১ নির্দেশনা জারি

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্তভাবে সম্পন্ন করতে সরকার ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে। এর অংশ হিসেবে প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠায়। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা নকল ঠেকাতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
📌 প্রধান নির্দেশনাসমূহ:
- প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
- অচল বা নষ্ট ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে।
- ক্যামেরায় ধারণ করা ভিডিও সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
- প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি টাঙাতে হবে।
- স্থানীয় প্রশাসনের সহায়তায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ (শিক্ষক/শিক্ষার্থী) মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
- পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে হলে প্রবেশ করাতে হবে; ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশি করতে হবে।
- কেন্দ্রের প্রধান ফটকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য নির্দেশনা টাঙিয়ে রাখতে হবে।
- কেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে হবে।
- শিক্ষা বোর্ডের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
- কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চিঠিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

