নবজাতককে কোলে নিয়েই পরীক্ষা, দেশসেরা হলেন বাগমারার শামীমা

নবজাতক কন্যা সন্তানকে কোলে নিয়ে পরীক্ষায় অংশ নিয়েও অসাধারণ সাফল্যের সাক্ষর রেখেছেন রাজশাহীর বাগমারার শামীমা আক্তার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় তিনি সারা দেশে প্রথম হয়েছেন। এই ব্যতিক্রমী অর্জনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়ে প্রশংসা জানিয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বাগমারার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শামীমাকে সংবর্ধনা প্রদান করা হয়।
হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, “শামীমা আমাদের গর্ব। তার এই ব্যতিক্রমী সাফল্য আমাদের কলেজের জন্য যেমন সম্মানের, তেমনি দেশের শিক্ষাব্যবস্থার জন্যও অনুপ্রেরণামূলক।”
আরো পড়ুন…৯ জন এসএসসি পরীক্ষার্থী, সবাই ফেল! চাপে শিক্ষকেরা
শামীমা আক্তার উপজেলার বাইগাছা গ্রামের বাসিন্দা। তিনি সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির প্রথম সন্তান এবং আব্দুর রাজ্জাকের সহধর্মিণী। চলতি বছর বিএসসি শাখা থেকে ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জন করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম পদ্মা টেলিভিশনকে বলেন, “২০২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় শামীমা আক্তার সর্বোচ্চ ফলাফল অর্জন করে জাতীয়ভাবে প্রথম হয়েছেন।”
উল্লেখ্য, শিক্ষাজীবনে শামীমার সাফল্য নতুন কিছু নয়। অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ অর্জন করে তিনি আগেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। ভবিষ্যতে তিনি একজন ম্যাজিস্ট্রেট হতে চান। সংসার এবং সন্তানকে সামলে, নিজের অধ্যবসায় আর অদম্য মনোবলের মাধ্যমে তিনি আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

