আখাউড়া স্টেশনে তরুণীকে উত্যক্ত: যুবকের এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে এক তরুণীকে উত্যক্ত করার ঘটনায় জনি মিয়া (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে।
স্টেশন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্টেশনে এক নারীকে উত্যক্ত করার সময় তার বাবা বিষয়টি নিরাপত্তা কর্মীদের অবহিত করেন। পরে স্টেশন সুপারের সহায়তায় নিরাপত্তা বাহিনী অভিযুক্তকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্টেশনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দণ্ডপ্রাপ্তকে রেলওয়ে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।

