মসজিদে চেয়ার-টেবিল ও সোফা বসিয়ে বিএনপি সংসদ সদস্যের সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মসজিদের ভেতরে চেয়ার, টেবিল ও সোফা বসিয়ে বিএনপির স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের উপস্থিতিতে একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন অনেকে।
তবে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাদের দাবি, এটি কোনো রাজনৈতিক সভা বা দলীয় কর্মসূচি ছিল না। মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
মসজিদের ভেতরে এমন আয়োজনের বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদের পরিচালনা-সংক্রান্ত বেশ কিছু অর্থ বকেয়া রয়েছে। সেই অর্থ পরিশোধে সহযোগিতা চেয়ে মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ এমপি আয়নুল হকসহ তাদের আমন্ত্রণ জানিয়েছিল।
তিনি বলেন, সেখানে গিয়ে তারা দেখতে পান, অতিথিদের বসার জন্য মাদ্রাসা-মসজিদ কর্তৃপক্ষ মসজিদের ভেতরে চেয়ার ও সোফার ব্যবস্থা করেছে। যেহেতু আয়োজনটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, তাই তারা বিষয়টিতে আপত্তি না জানিয়ে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেন।
শামসুল ইসলামের ভাষ্য, অনুষ্ঠানে মূলত মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক কোনো কার্যক্রম সেখানে অনুষ্ঠিত হয়নি বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আয়নুল হক বর্তমানে জেলা বিএনপি, সিরাজগঞ্জের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ভিপি হিসেবেও তিনি তিনবার নির্বাচিত হন।

