আশুগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচা আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার এক চাচাতো চাচার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুলকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
শুক্রবার দুপুরে আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির বাবা সৌদি আরবপ্রবাসী। শিশুটি স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। পরিবারের ভাষ্য অনুযায়ী, আটক জাহিদুল সম্পর্কে শিশুটির চাচাতো চাচা।
নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুর ১২টার দিকে পানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান জাহিদুল। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। পরে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে বালিশচাপা ও গলা টিপে হত্যা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
শিশুটির চাচা জানান, মেয়েটিকে ঘরে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জাহিদুলের ঘরের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। দরজা খুলতে বললে জাহিদুল দরজা খুলে দেন। পরে ঘরে ঢুকে শিশুটিকে কাঁথায় মোড়ানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
শিশুটির মায়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, ঘটনার পর জাহিদুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে খুঁজে বের করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।