ট্রাম্পের জয়ে গোপালগঞ্জে খিচুরিভোজ!

ডোনাল্ড ট্রাম্পের জয় উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন করেছেন তরুণেরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর সহযোগিতায় তিন শতাধিক মানুষের জন্য খিচুড়ি রান্নার আয়োজন করা হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা প্রবাসী লুৎফর রহমান হিমু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন। হিমুর আরেক বন্ধু, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন, স্থানীয় তরুণদের নিয়ে নিজ বাড়িতে খিচুড়ি রান্না করে এই আয়োজন সম্পন্ন করেন। যুবসমাজের এই মিলন মেলা এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
বুধবার (৬ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হন। তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেন।
গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবেন। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায়, তার অর্থায়নে আমরা এই ভোজের আয়োজন করেছি। ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত।
নিজস্ব প্রতিবেদক