অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, সফরের মাঝপথেই দেশে ফিরতে বলা হলো ড. মিজানুর রহমান আজহারীকে

জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী-কে অস্ট্রেলিয়া সফরের মধ্যেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে জানানো হয়, তার বিরুদ্ধে ইহুদিবিরোধী মন্তব্য এবং অ্যাডলফ হিটলার-কে ‘ঈশ্বরের শাস্তি’ হিসেবে উল্লেখ করার অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের একটি ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সেখানে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরাসহ বিভিন্ন শহরে তার বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল।
অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, বিভিন্ন কমিউনিটি সংগঠন আগেই তার সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের দাবি, আজহারীর আগের কিছু বক্তব্যে বিভাজন ও ঘৃণা ছড়ানোর প্রবণতা রয়েছে।
এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে তিনি ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং হলোকাস্ট সম্পর্কেও প্রশ্ন তোলেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়কে ঘিরে তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও উঠে এসেছে।
এর আগে যুক্তরাজ্যেও তার ভিসা বাতিল হয়েছিল। একই ধরনের আশঙ্কার কারণে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংগঠন তার সফর নিয়ে আপত্তি জানায়। পরে পরিস্থিতি বিবেচনায় অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়।

