বসুন্ধরাসহ রাজধানীর কয়েকটি এলাকায় ১৮ দিন এক বা একাধিকবার বিদ্যুৎ বন্ধ থাকবে

রাজধানীর বসুন্ধরাসহ আশপাশের কয়েকটি এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে, আগামী ১১ থেকে ২৮ জুন পর্যন্ত। বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
বুধবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডেসকো জানায়, মোট ১৮ দিন বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় প্রতিদিন এক বা একাধিকবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। তবে প্রতিবারের সময়সীমা এক ঘণ্টার বেশি হবে না।
আরও পড়ুন… রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত, মারা গেছে দুটি গরুও
এটি একটি পূর্ব নির্ধারিত উন্নয়নমূলক কার্যক্রম উল্লেখ করে ডেসকো জানিয়েছে, ‘সোর্স লাইনের ক্ষমতা বাড়ানোর কাজের জন্য সাময়িক এই অসুবিধা অনিবার্য।’ বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ডেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক রাখতে নির্ধারিত সময় অনুযায়ী দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে।

