পুনরায় চালু হচ্ছে মেট্রোরেল পদ্মা নিউজ

ছাত্রজনতার আন্দোলনের প্রেক্ষাপটে বন্ধ হয়ে থাকা মেট্রোরেল ৩৭ দিন পর আগামী রোববার (২৫ আগস্ট) থেকে পুনরায় চলবে। এ উপলক্ষে প্রস্তুতি হিসেবে ট্রায়াল রান পরিচালনা করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।
ডিএমটিসিএল-এর প্রতিনিধি নাজমুল জানিয়েছেন, রোববার থেকে মেট্রোরেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতির কাজ চলছে এবং ট্রেন চালিয়ে ট্রায়ালও সম্পন্ন করা হচ্ছে। মেট্রোরেল পরিচালনাকারী দলের সঙ্গে ডিএমটিসিএলের বৈঠক চলছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেল নাগাদ জানিয়ে দেওয়া হবে।
অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানান, সকাল থেকে এখন পর্যন্ত আমরা ১০টি ট্রেন চালিয়েছি এবং সেগুলো স্বাভাবিক গতিতে চলেছে। শুধুমাত্র আজ নয়, আমরা বৃহস্পতি ও শুক্রবারও পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালিয়েছি। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি এবং কিছু কারিগরি সমস্যার সমাধান করা হয়েছে। তবে, আজ কোনো যাত্রী পরিবহন করা হয়নি।
তিনি আরও জানান, রোববার থেকে মেট্রোরেল আগের সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করবে। তবে, মেরামত ও সংস্কারের কারণে আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।
নিজস্ব প্রতিবেদক

