কুয়াকাটায় ধরা পড়লো ২৩ কেজির কোরাল মাছ, নিলামে বিক্রি ২৫ হাজার টাকায়

🟩 কুয়াকাটার সমুদ্রে জেলের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের কোরাল মাছ
🟩 ১,০৫০ টাকা কেজি দরে নিলামে বিক্রি—মোট মূল্য ২৫,১৫০ টাকা
🟩 মাছটি ধরা পড়ে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম অভিযানে
🟩 মৎস্য কর্মকর্তার আশা—ইলিশসহ আরও বড় মাছ মিলবে সামনে
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি সামুদ্রিক কোরাল মাছ। ওজন ২৩ কেজি। রোববার (১৫ জুন) সকালে মাছটি ২৫ হাজার ১৫০ টাকায় নিলামে বিক্রি হয় কুয়াকাটা মাছ বাজারের ‘মনি ফিশ’ মৎস্য আড়তে।
মাছটির শিকারি, মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের জেলে মামুন জোমাদ্দার, গত ১২ জুন রাতে সমুদ্রে জাল ফেলেন। শনিবার সকালে জাল তুলতেই উঠে আসে বিশাল কোরাল মাছটি। পরে কুয়াকাটার বাজারে আনার পর ১ হাজার ৫০ টাকা কেজি দরে এটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো. মোস্তাফিজ।
আরও পড়ুন… কালিয়াকৈরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া
🗣️ জেলে মামুন জোমাদ্দার বলেন,
“এত বড় মাছ পাব সেটা ভাবিনি। নিষেধাজ্ঞায় ২ মাস মাছ ধরতে পারিনি। এই অবরোধের পর এমন বড় মাছ পেয়ে ভালো দামে বিক্রি করতে পারায় অর্থনৈতিকভাবে লাভবান হয়েছি।”
🗣️ ক্রেতা মো. মোস্তাফিজ বলেন,
“আমাদের এলাকায় বড় হোটেলগুলোতে সামুদ্রিক কোরাল মাছের ভালো চাহিদা আছে। আশা করছি, মাছটি এখানেই ভালো দামে বিক্রি করতে পারব।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান—
“৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার অনুমতি পাওয়ার পর এটি ধরা পড়েছে। জেলেরা নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় এখন বড় মাছ জালে ধরা পড়ছে। শুধু কোরাল নয়, সামনের দিনগুলোতে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছও ধরা পড়বে বলে আমি আশাবাদী।”

