প্রতিবন্ধী শিশুকে গর্তে বসিয়ে রাখেন মা, সহযোগিতা চান দরিদ্র পরিবার

🟩 শিশু গোপালকে স্থির রাখতে মা ঘরের মেঝেতে আড়াই ফুট গর্ত করেছেন
🟩 জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তিন বছর বয়সী গোপাল সাঁওতাল
🟩 ফিজিওথেরাপি ছাড়া উন্নতির সম্ভাবনা নেই, কিন্তু আর্থিক সামর্থ্যও নেই পরিবারটির
🟩 প্রতিবন্ধী ভাতা ও সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় প্রশাসন
মৌলভীবাজারের কুলাউড়ায় শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে সাময়িকভাবে স্থির রাখার জন্য ঘরের মেঝেতে তৈরি করা হয়েছে প্রায় আড়াই ফুট গভীর একটি গর্ত। সেখানে শিশুটিকে দাঁড় করিয়ে রেখে খাওয়ানো হয়, কখনো কান্না থামানোর চেষ্টা করা হয় বিনোদন দেখিয়ে। মানবিক এই চিত্র সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা বাগান এলাকায়। তিন বছর বয়সী শিশু গোপাল সাঁওতাল জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। স্বাভাবিকভাবে বসতে বা দাঁড়াতে পারে না সে। তাই তার মা সনচড়িয়া সাঁওতাল ঘরের মেঝেতে একটি গর্ত তৈরি করেছেন, যাতে কিছুটা ভর দিয়ে গোপাল দাঁড়িয়ে থাকতে পারে।
আরও পড়ুন… বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ আহত, অভিযুক্ত পলাতক
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা অনিল সাঁওতাল। তিনি মুরইছড়া চা বাগানে দৈনিক ১৭০ টাকা মজুরিতে কাজ করেন। জীর্ণশীর্ণ একটি ঘরে অভাব-অনটনে জীবন যাপন করছেন তারা। গোপালের চিকিৎসা করানো তাদের পক্ষে একেবারেই অসম্ভব।
সনচড়িয়া সাঁওতাল বলেন, “ছেলেটি সারাক্ষণ কান্নাকাটি করে। গর্তে বসিয়ে রাখলে সে কিছুটা স্থির থাকে। চিকিৎসক বলেছেন, ফিজিওথেরাপি ছাড়া উন্নতির কোনো সুযোগ নেই। কিন্তু সেই খরচ বহন করার মতো সামর্থ্য আমাদের নেই।”
সম্প্রতি কুলাউড়ার শিক্ষক ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ ফেসবুকে একটি স্ট্যাটাসে শিশুটির অবস্থার কথা তুলে ধরেন। এরপর রোববার বিকেলে পদ্মা টেলিভিশনের প্রতিবেদক সরেজমিনে শিশুটির বাড়িতে গিয়ে চিত্র প্রত্যক্ষ করেন।
সঞ্জয় দেবনাথ বলেন, “একজন বাবা-মা যেন নিজের সন্তানের উন্নত চিকিৎসার সুযোগ পান, সেটাই আমাদের চাওয়া। সমাজের বিত্তবানদের এগিয়ে আসা দরকার।”
এদিকে বিষয়টি জানার পর কর্মধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সিলভেস্টার পাটাং জানান, তারা উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং খুব দ্রুত প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন… বাংলাদেশে ভারতের পুশইন অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা বলেন, “প্রক্রিয়া চলছে। চলতি মাসেই ভাতা পাবে এবং রোগী কল্যাণ সমিতি ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।”
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, “বিষয়টি অত্যন্ত মানবিক। সরকারিভাবে ভাতা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে।”