জানালা-দরজা না খুলে চুলা জ্বালালে বিপদ: সতর্ক করলো তিতাস গ্যাস

নতুন সতর্কবার্তা দিল তিতাস: গ্যাস দুর্ঘটনা রোধে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান
গ্যাসজনিত অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে গ্রাহকদের প্রতি নতুন করে সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুলা জ্বালানোর আগে রান্নাঘরের দরজা-জানালা অন্তত ২০ মিনিট খোলা রেখে বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। পাশাপাশি চুলার নব, হোসপাইপ, পিতলের চাবি বা সংযোগস্থলে গ্যাস লিকেজ রয়েছে কি না তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে।
আরও পড়ুন… ৩৪ বছর পর দেশে ফিরে নিঃস্ব প্রবাসী তমিজ উদ্দিন, ভাইয়ের দখলে পৈতৃক ভিটা
লিকেজ দেখা দিলে দ্রুত রাইজারের চাবি বন্ধ করে দক্ষ মিস্ত্রির সহায়তায় মেরামতের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া গ্যাসের গন্ধ পেলে বা কোনো ধরনের লিকেজ সন্দেহ হলে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ এবং কল সেন্টার ১৬৪৯৬ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, “গ্যাস ব্যবহারে সতর্ক থাকুন, দুর্ঘটনা এড়ান।”
নিজস্ব প্রতিবেদক