২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি উদ্ধার: দেশজুড়ে কড়া অভিযানে সরকার

দেশব্যাপী অবৈধ জ্বালানি মজুত ও পাচার রোধে পরিচালিত বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত মাত্র ২৬ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, এই সময়ে সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ১ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণই সবচেয়ে বেশি—প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুতকারীদের কাছ থেকে মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আরো পড়ুন…ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউনিয়নে নেই চলাচলের রাস্তা, সংসদে রুমিন ফারহানার দাবি
সরকার বলছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়া অবৈধ মজুত ও পাচারের সঙ্গে জড়িতদের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
তদারকি জোরদার করতে প্রতিটি জেলায় বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং তাদের মোবাইল নম্বর জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।
এর পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

