ভারতে ইলিশ যাচ্ছে অর্ধেক দামে

বাংলাদেশে ইলিশের দাম আকাশছোঁয়া, তবুও দুর্গাপূজায় ভারতে রপ্তানি
বাজারে এখন ইলিশ যেন সোনার হরিণ। দাম এত বেশি যে নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্ত মানুষের পক্ষে রুপালি ইলিশ কেনা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাজধানীর খুচরা বাজারে বড় আকারের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৩,০০০ টাকা বা তারও বেশি দামে। মাঝারি সাইজের ইলিশ মিলছে ১,৬০০–১,৭০০ টাকায়, আর এক কেজি ওজনের মাছ কিনতে হচ্ছে ২,৫০০–২,৭০০ টাকায়। ফলে সাধারণ মানুষের খাবার টেবিলে ইলিশ উঠানো এখন দায় হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতেই দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতকে অর্ধেক দামে ইলিশ সরবরাহের ঘোষণা দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি কেজি ১২.৫ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১,৫২৫ টাকা দরে ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে।
সাধারণ মানুষের ক্ষোভ
দেশে যখন ইলিশের সংকট চলছে, তখন কম দামে রপ্তানি করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ক্রেতারা অভিযোগ করছেন— “আমরা বাজারে তিন হাজার টাকা দিয়ে এক কেজি ইলিশও কিনতে পারি না, অথচ ভারতে দেড় হাজার টাকারও কম দামে মাছ পাঠানো হচ্ছে।” তাদের দাবি, দেশের মানুষের জন্য আগে সাশ্রয়ী দামে ইলিশ নিশ্চিত করা উচিত।
গত বছরের তুলনায় অর্ধেক রপ্তানি
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর দুর্গাপূজায় ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে তা কমিয়ে ২,৪২০ টন করা হয়। সে সময় প্রতি কেজি রপ্তানিমূল্য নির্ধারণ হয়েছিল ১০ মার্কিন ডলার বা প্রায় ১,২০০ টাকা। তবে এবার রপ্তানির পরিমাণ অর্ধেকে নামানো হলেও দাম বাড়িয়ে ১২.৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
বাজারে ইলিশের সংকট
মৌসুম থাকা সত্ত্বেও দেশের বাজারে ইলিশের সরবরাহ আশঙ্কাজনকভাবে কম। বরিশালের মোকামের ব্যবসায়ীরা জানান, সাধারণত মৌসুমে প্রতিদিন ২–৩ হাজার টন ইলিশ আসে, অথচ এবার দিনে ১০০ টনও পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের আশঙ্কা, রপ্তানিকারকরা মাছ সংগ্রহ শুরু করলে দেশের বাজারে ইলিশ আরও অপ্রতুল হয়ে পড়বে এবং দাম একেবারেই নাগালের বাইরে চলে যাবে।
ভারতের অনুরোধে রপ্তানি
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুলাই পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি দিয়ে দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানায়। সেই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে পৌঁছায় এবং পরবর্তীতে রপ্তানির সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
নিজস্ব প্রতিবেদক

