মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

৪৮ দল নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম আসরের গ্রুপ পর্ব শেষ হয়েছে রোমাঞ্চ আর অসংখ্য রেকর্ডের মধ্য দিয়ে। ব্যক্তিগত ও দলীয়—দুই ক্ষেত্রেই ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে নতুন নতুন কীর্তি। এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ পর্বের উল্লেখযোগ্য কিছু রেকর্ড ও পরিসংখ্যান।
মেসির টানা সাত ম্যাচে গোলের অনন্য কীর্তি
জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করে লিওনেল মেসি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির গড়েছেন। এর আগে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জার্জিনিয়োর। বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৯, যা নতুন বিশ্বরেকর্ড।
ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়েও শীর্ষে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। চারটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ড।
রোনালদোর ছয় বিশ্বকাপে গোলের রেকর্ড
উজবেকিস্তানের বিপক্ষে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করার নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন। এই তালিকায় তার সবচেয়ে কাছাকাছি আছেন মেসি, যিনি পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন।
৪১ বছর বয়সে গোল করে রোনালদো বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা হয়েছেন। তার ওপরে রয়েছেন কেবল ক্যামেরুন কিংবদন্তি রজার মিল্লা।
৯২ বছর পর মিশরের প্রথম জয়
১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া মিশর অবশেষে প্রথম জয়ের দেখা পেল ৯২ বছর পর। নিজেদের নবম ম্যাচে এসে তারা জয় তুলে নেয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও মোহাম্মদ সালাহ, জিকো ও ত্রেজেগের গোলে ৩-১ ব্যবধানে জয় পায় ফারাওরা। এর আগে বিশ্বকাপে প্রথম জয়ের জন্য সবচেয়ে দীর্ঘ অপেক্ষার রেকর্ড ছিল নরওয়ের।
সবচেয়ে বয়স্ক কোচ ডিক অ্যাডভোকাট
৭৮ বছর ২৭১ দিন বয়সে কুরাসাওয়ের দায়িত্ব পালন করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়েছেন ডিক অ্যাডভোকাট। তিনি ভেঙেছেন গ্রিসের সাবেক কোচ অটো রেহাগেলের পুরোনো রেকর্ড।
দেম্বেলের দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি
নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রথম ৩২ মিনিটেই হ্যাটট্রিক করেন ফ্রান্সের উসমান দেম্বেলে। এটি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক হিসেবে স্থান পেয়েছে। রেকর্ডটি এখনও ধরে রেখেছেন অস্ট্রিয়ার এরিখ প্রোবস্ট, যিনি ১৯৫৪ সালে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।
১৭ বছর বয়সেই ইতিহাসে গিলবার্তো মোরা
মেক্সিকোর তরুণ ফুটবলার গিলবার্তো মোরা ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক করে ইতিহাসের ষষ্ঠ কনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন।
এদিকে লামিন ইয়ামাল, ইব্রাহিম এমবায়ে ও কেরিম আলাইবেগোভিচও কনিষ্ঠ গোলদাতাদের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন।
গোলরক্ষক এলোই রুমের অবিশ্বাস্য ১৬ সেভ
ইকুয়েডরের বিপক্ষে ১৬টি সেভ করে কুরাসাওকে ড্র এনে দেন গোলরক্ষক এলোই রুম। ৯০ মিনিটের ম্যাচে এটি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সেভের রেকর্ড, যা টিম হাওয়ার্ডের পুরোনো কীর্তির সমান।
পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় তিন দল
গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে আর্জেন্টিনা, ফ্রান্স ও মেক্সিকো। অন্যদিকে স্পেন সাত পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
বিশ্বকাপের ইতিহাসে মাত্র চতুর্থবার এমন ঘটেছে, যখন একটি গ্রুপে মাত্র একটি দল জয় পেয়েছে।
জার্মানির সবচেয়ে বড় জয়
কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে জার্মানি। কাই হাভার্টজ করেছেন জোড়া গোল।
এছাড়া কানাডা কাতারকে ৬-০, পর্তুগাল উজবেকিস্তানকে ৫-০ এবং সেনেগাল ইরাককে ৫-০ ব্যবধানে হারিয়েছে।
অ্যাসিস্টে এগিয়ে ব্রুনো, ইসাক ও ওলিস
এখন পর্যন্ত তিনটি করে অ্যাসিস্ট করে তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলের ব্রুনো গিমারায়েস, সুইডেনের আলেক্সান্ডার ইসাক ও ফ্রান্সের মাইকেল ওলিস।
গোল না খেয়েই শেষ ষোলোয় মেক্সিকো ও স্পেন
গ্রুপ পর্বে কোনো গোল হজম না করেই নকআউট পর্ব নিশ্চিত করেছে মেক্সিকো ও স্পেন। স্পেনের উনাই সিমন টানা ৪৩০ মিনিট গোল না খেয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা রেকর্ড গড়েছেন।
অন্যদিকে বেলজিয়ামের থিবো কোর্তোয়া ও ব্রাজিলের আলিসনও নিজেদের ক্লিন শিটের সংখ্যা বাড়িয়ে ইতিহাসের সেরা গোলরক্ষকদের তালিকায় জায়গা আরও শক্ত করেছেন।

