ইয়ামালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে বার্সেলোনা, সপ্তাহে বেতন প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড!

মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার মূল দলে জায়গা করে নিয়ে মাঠে প্রভাব বিস্তার করেছেন লামিন ইয়ামাল। সদ্য সমাপ্ত মৌসুমে কাতালান ক্লাবটির ঘরোয়া ট্রফি জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই তরুণ উইঙ্গার। তার পারফরম্যান্সে খুশি হয়ে এবার বিশাল অঙ্কের বেতনে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করেছে বার্সেলোনা।
ইউরোপের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০৩১ সাল পর্যন্ত ক্লাবে থাকবেন ইয়ামাল। চুক্তি অনুযায়ী তার সাপ্তাহিক বেতন হবে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড, যা বছরে দাঁড়াবে প্রায় ১৫ মিলিয়ন ইউরো। এর সঙ্গে থাকছে বোনাস, যা মিলিয়ে মোট আয় হতে পারে ২০ মিলিয়ন ইউরো পর্যন্ত।
আরও পড়ুন… নির্বাচনের সময় নির্ধারণে এখনই সিদ্ধান্ত প্রয়োজন: সিপিডি
বিশ্বখ্যাত ক্রীড়া মাধ্যম বেইন স্পোর্টস জানিয়েছে, এই নতুন চুক্তির ফলে ক্লাবের শীর্ষ উপার্জনকারীদের কাতারে চলে এসেছেন ইয়ামাল। এত অল্প বয়সে ইউরোপের কোন ফুটবলারের এমন আর্থিক চুক্তির নজির নেই।
তবে শুধু বেতনের দিক থেকেই নয়, রিলিজ ক্লজেও চমক রেখেছে বার্সেলোনা। ইয়ামালের চুক্তিতে রয়েছে ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ, যা মার্কিন মুদ্রায় প্রায় ১.১ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে বোঝা যায়, এই তরুণ প্রতিভাকে ধরে রাখতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ কাতালান জায়ান্টরা।
গত মৌসুমে হানসি ফ্লিকের অধীনে লা লিগা এবং কোপা দেল রে জয়ে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮টি গোল ও ২৫টি অ্যাসিস্ট। দারুণ এই পারফরম্যান্সের পর ক্লাব চায়, ভবিষ্যতে তিনিই দলের নেতৃত্বে থাকুন।
আরও পড়ুন… সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
এমনকি, আনসু ফাতি দল ছাড়লে কিংবদন্তি ১০ নম্বর জার্সিটি তুলে দেওয়া হতে পারে ইয়ামালের হাতে—যেটি এক সময় পরে গেছেন রোনালদিনহো ও লিওনেল মেসি। এই সিদ্ধান্ত কেবল মাঠে নয়, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনাতেও ইয়ামালের গুরুত্ব প্রমাণ করে।
চুক্তি নবায়নের পর এখন বার্সার খেলোয়াড়রা গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছেন। আগামী ২০২৫-২৬ মৌসুমে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে তারা।

