হাত দিয়ে গোল করে লাল কার্ড, বিতর্কের কেন্দ্রবিন্দুতে নেইমার

ইনজুরি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে নেইমারকে দেখা যাচ্ছে না এখনো। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন—পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত জাতীয় দলে নেইমারকে রাখা হবে না।
এদিকে মাঠে ফেরার লড়াইয়ে থাকা এই তারকা ফুটবলার ফের আলোচনায় এসেছেন এক ব্যতিক্রমধর্মী ঘটনায়। রোববার (১ জুন) ব্রাজিলিয়ান লিগে বোতাফোগোর বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে খেলতে নেমেছিলেন নেইমার। ম্যাচে অদ্ভুত এক ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন তিনি।
আরও পড়ুন… ফুটবলের সর্বকালের সেরা কে? বিতর্কের কোনো শেষ নেই
প্রথমার্ধ থেকেই নেইমার ছিলেন ছন্দহীন। একটি ফাউলের কারণে ম্যাচের শুরুর দিকে হলুদ কার্ড দেখেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
৭৬তম মিনিটে সান্তোসের হয়ে গোল করেন নেইমার। তবে গোলের পরই বিতর্ক তৈরি হয়। বোতাফোগোর খেলোয়াড়রা অভিযোগ তোলেন—নেইমার হাত দিয়ে বল জালে পাঠিয়েছেন। রেফারি অভিযোগ আমলে নিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখান নেইমারকে, যা পরিণত হয় লাল কার্ডে। পরে টিভি রিপ্লেতেও দেখা যায়, সত্যিই হাত দিয়েই গোল করেছিলেন নেইমার।
এরপর ১০ জনের দল হয়ে পড়ে সান্তোস। বোতাফোগো সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৬তম মিনিটে জয়সূচক গোল করে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো।
আরও পড়ুন… যে কারণে নেইমারকে দলে রাখেননি: ব্রাজিল দলের কোচ আনচেলত্তি
এই হারে আরও সংকটে পড়েছে সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট সংগ্রহ করে তারা এখন ব্রাজিলিয়ান লিগের ১৮ নম্বরে, অর্থাৎ রেলিগেশন জোনে অবস্থান করছে। অন্যদিকে বোতাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে। লিগ টেবিলের শীর্ষে আছে ফ্ল্যামেঙ্গো—তাদের সংগ্রহ ১১ ম্যাচে ২৪ পয়েন্ট।