স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

“ফুটবলে অসম্ভব বলে কিছু নেই, স্বপ্ন দেখার অধিকার সবার আছে”— ম্যাচের আগের দিন প্রধান কোচ বুবিস্তার এই আত্মবিশ্বাসী মন্তব্যই যেন বাস্তবে রূপ দিল কেপ ভার্দে। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আফ্রিকার ক্ষুদ্র এই দ্বীপরাষ্ট্র।
শুক্রবার সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ‘ব্লু শার্কস’ নামে পরিচিত দলটি নকআউট নিশ্চিত করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রায় পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে এখন বিশ্বকাপের নকআউটে ওঠা সবচেয়ে কম জনসংখ্যার দেশের স্বীকৃতি পেয়েছে। অভিষেক আসরেই এমন সাফল্য ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে।
গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষদের সামনে দারুণ লড়াই উপহার দিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় তারা। দ্বিতীয় ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা আনে। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করেই নিশ্চিত হয় তাদের নকআউট পর্বের টিকিট। এই গ্রুপের শীর্ষস্থান দখল করে স্পেন।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচে কেপ ভার্দের সবচেয়ে বড় ভরসা ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোহাম্মদ কানোর হেড ঠেকিয়ে দলকে রক্ষা করেন তিনি। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ আবু আল-শামাত এবং শেষ মুহূর্তে আবদুল্লাহ আল-হামদানের বিপজ্জনক প্রচেষ্টাও দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন এই অভিজ্ঞ গোলকিপার।
তবে কেপ ভার্দেও বেশ কয়েকটি আক্রমণ সাজিয়েছিল। কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যে পৌঁছায়নি। পরে লারোস দৌরতের নেওয়া শট ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। শেষ দিকে নুনো ডা কস্তা সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত।
শেষ বাঁশির পর অপেক্ষা ছিল অন্য ম্যাচের ফলাফলের জন্য। স্পেন উরুগুয়েকে হারানোর খবর আসতেই গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় দল হিসেবে কেপ ভার্দের নকআউট নিশ্চিত হয়। সেই মুহূর্তে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। অনেকেই আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি, কারণ প্রথম বিশ্বকাপেই তারা নিজেদের নাম লিখিয়ে ফেলেছে ইতিহাসের পাতায়।
এবার তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। আগামী ৩ জুলাই মায়ামিতে শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। নতুন আরেকটি চমক দেখানোর স্বপ্ন নিয়েই প্রস্তুতি নিচ্ছে আফ্রিকার এই উদীয়মান দল।

