আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল ইতিহাসে মুখোমুখি হওয়ার ঘটনা খুবই সীমিত। দুই দল এখন পর্যন্ত মাত্র দুটি আনুষ্ঠানিক প্রীতি ম্যাচ খেলেছে, আর সর্বশেষ দেখা হয়েছিল প্রায় ৩৬ বছর আগে।
১৯৯০ সালের ৩ মে ভিয়েনায় অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুরুতেই চাপে পড়ে। ম্যাচের তৃতীয় মিনিটে মানফ্রেড জাকের গোলে এগিয়ে যায় স্বাগতিক অস্ট্রিয়া। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে হোর্হে বুরুচাগা গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এরও এক দশক আগে, ১৯৮০ সালে ভিয়েনায় অনুষ্ঠিত আরেকটি প্রীতি ম্যাচ ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। প্রায় ৬৭ হাজার দর্শকের সামনে সেই ম্যাচে আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিক করেন।
ম্যাচের শুরুতেই সান্তিয়াগো সান্তামারিয়া ও লিওপোলদো লুকুয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ম্যারাডোনা প্রথম গোল করে ব্যবধান বাড়ান। অস্ট্রিয়ার কুর্ট জারা একটি গোল শোধ দিলেও দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যারাডোনা। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
উল্লেখযোগ্য বিষয় হলো, ম্যারাডোনা আন্তর্জাতিক ক্যারিয়ারে পরে আরও কয়েকবার জোড়া গোল করলেও আর কখনও হ্যাটট্রিক করতে পারেননি। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে করা সেই তিন গোলই তার জাতীয় দলের জার্সিতে একমাত্র হ্যাটট্রিক হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এ পর্যন্ত দুইটি আনুষ্ঠানিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৬টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ২টি। এছাড়া ১৯৬৬ সালের ২৫ জুন দুই দলের মধ্যে একটি অনানুষ্ঠানিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রিয়া।
এবারের লড়াইয়ে আর্জেন্টিনা তাদের অস্ট্রিয়ার বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে পারে কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

