টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই এক পরিবারের সদস্য বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন পদ্মা টেলিভিশনকে জানান, “দুর্ঘটনাস্থলেই একজন পিতা ও তার দুই সন্তান প্রাণ হারান। আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
আরও পড়ুন… রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত, মারা গেছে দুটি গরুও
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি দ্রুত গতিতে চলার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

