নিরপেক্ষ নির্বাচনের দায়িত্বে বিসিবির সভাপতি আমিনুল বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে বড় রদবদল এসেছে। বোর্ড পরিচালকদের জরুরি বৈঠকে ভোটের মাধ্যমে বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এর মধ্য দিয়ে বোর্ডের সভাপতির দায়িত্ব হারিয়েছেন ফারুক আহমেদ।
শুক্রবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বিসিবির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ ও ক্রিকেট প্রশাসক নাজমুল আবেদীন ফাহিম, আর সহ-সভাপতি হয়েছেন বর্তমান পরিচালক ফাহিম সিনহা।
উল্লেখ্য, গত বছর আগস্টে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। তবে বোর্ডের অভ্যন্তরীণ অসন্তোষ ও দুর্নীতির অভিযোগের কারণে তাকে পদ থেকে সরে দাঁড়াতে হয়। আটজন পরিচালক তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা জানানোর পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন বাতিল করে, এবং আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়।
এরপর পরিচালকদের ভোটেই বুলবুল বোর্ডের ১৬তম সভাপতি নির্বাচিত হন।
আরো পড়ুন…বাজেটে বড় পরিবর্তন: বাড়ছে কিছু পণ্যের দাম, সস্তা হচ্ছে কিছু
পদ্মা টেলিভিশনের সঙ্গে আলাপে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমি কোনো স্থায়ীভাবে সভাপতি হতে আসিনি। আমার দায়িত্ব কেবল অক্টোবর মাসের নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করা। এরপর আমি নিজ থেকেই সরে যাব।”
তিনি আরও বলেন, “সরকার আমাকে দায়িত্ব পালনের অনুরোধ করেছে, আমি রাজি হয়েছি। আমার লক্ষ্য একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা এবং একটি দক্ষ বোর্ড গঠনে সহায়তা করা।”
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত বুলবুল জানিয়েছেন, বিসিবির দায়িত্ব পালনের বিষয়ে আইসিসির অনুমতি নিয়েই তিনি এসেছেন। আইসিসি তাকে অনির্দিষ্টকালের ছুটি দিয়েছে এবং ভবিষ্যতে ফিরতে চাইলে সব সময় দরজা খোলা থাকবে বলে আশ্বস্ত করেছে।
১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরি (২০০০ সালে ভারতের বিপক্ষে ১৪৫ রান) করা আমিনুল ইসলাম ক্রিকেটার হিসেবে যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি প্রশাসনিক অভিজ্ঞতাও অর্জন করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইসিসিতে কাজ করে।
আরো পড়ুন…টোকিওতে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক
আগামী অক্টোবরের নির্বাচনে তার নেতৃত্বে বিসিবিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

