দেশের সার্বিক পরিস্থিতি।

দেশের সার্বিক পরিস্থিতি
ফ্রান্স থেকে আজ নয়, বরং আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে আসছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আলোচিত।
আগামীকাল দুপুরের মধ্যে তিনি দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেবেন।
গতকার ঢাকার মোহাম্মদপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ আগস্ট) গভীর রাতে মোহাম্মদপুরের নবোদয় বাজার এলাকায় একটি বাসায় ডাকাতি হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী।
ভবনের নিরাপত্তারক্ষী জানান, রাতে কিছু লোক নিজেদের পরিচয় দিয়ে প্রবেশ করে। গেট খোলার সাথে সাথে তাকে বন্দি করে ডাকাটবাহিনী। এরপর একটি ফ্ল্যাটে ঢুকে বাসিন্দাদের অস্ত্র দেখিয়ে নগদ টাকা লুট করে।
সেনাবাহিনী আসার খবর পেয়ে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। পরে ডাকাত দল পাশের একটি গলিতে আশ্রয় নেয়। সেনা সদস্যরা এগিয়ে আসার পরপরই তারা মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর সেনাবাহিনী টহল বাড়িয়ে দেয়। এসময় বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেনাবাহিনীর সহায়তায় এগিয়ে আসেন।
আরও পড়ুন: কোটা আন্দোলনে শহীদ ২৬৬ জনের তথ্য সংগ্রহ
হাইকোর্টের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমিত পরিসরে চলবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে সরাসরি বা ভার্চুয়ালি (যে কোনো সুবিধাজনক উপায়ে) বিচারিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত থাকবে। এ সময়ে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দিয়ে উদাহরণ স্থাপন করতে হবে। আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে সম্মেলনে তিনি এই কথা বলেন।
রাজধানীর ৫০টি থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে থানা থেকে আপাতত কোনো সেবা পাওয়া যাচ্ছে না।
প্রতিটি থানায় তালা লাগিয়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৮-১০ জন আনসার সদস্য। চলমান অস্থিরতায় থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ হওয়ার পর, পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। এ পরিস্থিতিতে থানার নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহেল বাকী বলেছেন, আমরা কোনো প্রকার অনৈতিক নির্দেশ পালন করব না। আজ বুধবার (৭ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
নির্বাহী আদেশে মোট ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান তিনি।
মঙ্গলবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ভেতরে বিক্ষোভ করেন ব্যাংকের বিভিন্ন স্তরের ২০০-এর বেশি কর্মকর্তা ও কর্মচারী। ৬ জন শীর্ষ কর্মকর্তা বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে ‘পদত্যাগ’ করেন। সেই সকল কর্মকর্তা যারা অফিসে উপস্থিত ছিলেন, তারা ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন।
সারাদেশে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। বাদ যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাড়িও। তবে মাশরাফীর বাড়ি পুড়িয়ে দেওয়ার পর সেটি ভারতে ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে প্রচার করা হয়েছে।
গত ৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের ‘হিন্দুত্ব নাইটস’ নামে একটি পেজে মাশরাফীর পুড়ে যাওয়া বাড়ির ছবির পাশে লিটন দাসের একটি ছবি যুক্ত করে পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।’ এ পর্যন্ত সেই পোস্ট ১৬ লাখেরও বেশি ভিউ হয়েছে। এই পেজে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের দাবি করে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হয়।
নিজস্ব প্রতিবেদক

