থার্ড পার্টি’ নীতিমালা পরের সভায় অনুমোদন

নগর উন্নয়ন কমিটির পরের সভায় থার্ড পার্টি নীতিমালা অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন।
সোমবার রাজউক ভবনে কমিটির সভাশেষে তিনি এই তথ্য জানান।
গৃহায়ন ও গণপূর্ত সচিব বলেন, রাজধানীর ভবন পরিদর্শন ও নকশা যাচাই-বাচাইয়ের কাজ করবে থার্ড পার্টি। এ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সভায় ওই নীতিমালা উপস্থাপন করা হয়েছে। পেশাজীবীদের সমন্বয়ে গঠিত সরকারের উচ্চ পর্যায়ের এই কমিটি নীতিগতভাবে নীতিমালাটি অনুমোদন করেছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য আরও ১০ দিন সময় নিয়েছেন কমিটির সদস্যরা।
অর্থাৎ পরের সভায় নীতিমালাটি অনুমোদন হবে। কারণ কমিটির কয়েকজন সদস্যের কাছে নীতিমালাটি আগে থেকে না পাঠানোয় তারা মতামত দিতে পারেননি। এ জন্য সময় বাড়ানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক