বাজেটে বড় পরিবর্তন: বাড়ছে কিছু পণ্যের দাম, সস্তা হচ্ছে কিছু

আগামী ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্কের ক্ষেত্রে একাধিক স্তরে পুনর্বিন্যাস করা হতে পারে। এতে কোনো কোনো পণ্যে শুল্ক বাড়তে পারে, আবার কিছু পণ্যে শুল্ক হ্রাস পেতে পারে। মূলত দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ জুন বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন বেতার ও টেলিভিশনে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতিমধ্যে শুল্ক সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে অর্থ উপদেষ্টার কাছে।
আমদানি শুল্কে নতুন স্তর
বর্তমানে আমদানি শুল্কে মোট ছয়টি স্তর (০%, ১%, ৫%, ১০%, ১৫% এবং ২৫%) চালু রয়েছে। নতুন বাজেটে এতে ৩% হারে একটি নতুন স্তর যুক্ত হতে পারে। তবে প্রধান খাদ্যপণ্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ ও শিল্পের কাঁচামালে বর্তমান শুল্কহার অপরিবর্তিত রাখা হবে।
সম্পূরক শুল্কেও নতুন সংযোজন
বর্তমানে ১২টি স্তরে সম্পূরক শুল্ক রয়েছে। এবার তার সঙ্গে নতুন করে ৪০% হার সংযুক্ত হতে পারে। পাশাপাশি যেসব পণ্যে ২৫% আমদানি শুল্ক রয়েছে, সেখানে ৩% নিয়ন্ত্রণমূলক শুল্ক আগের মতোই বহাল থাকবে।
বাস-মাইক্রোবাস সস্তা, হেলিকপ্টার-খেলনার দাম বাড়তে পারে
জানজট নিয়ন্ত্রণে ১৬ থেকে ৪০ আসনের বাস আমদানিতে শুল্ক কমিয়ে ৫% করা হতে পারে (বর্তমানে ১০%)। মাইক্রোবাসে সম্পূরক শুল্ক ২০% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব রয়েছে।
আরো পড়ুন…তীব্র গরমে হজযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত সৌদি আরব, ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি ও কুলিং সিস্টেম
অন্যদিকে হেলিকপ্টার আমদানিতে ১০% শুল্ক আরোপ করা হতে পারে, যেখানে বর্তমানে কোনো শুল্ক নেই।
খেলনার ক্ষেত্রে, বিদেশি খেলনার ট্যারিফ মূল্য প্রতি কেজিতে সাড়ে ৩ ডলার থেকে বাড়িয়ে ৪ ডলার করা হতে পারে। এতে দাম বাড়বে বিদেশি খেলনার।
চিনির শুল্ক কমছে
প্রতি টন পরিশোধিত চিনির আমদানি শুল্ক ৪,৫০০ টাকা থেকে কমিয়ে ৪,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এর ফলে বাজারে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
সফটওয়্যার রপ্তানিতে ছাড়
দেশীয় সফটওয়্যার রপ্তানিকে উৎসাহ দিতে বিদেশি অপারেটিং সিস্টেম, ডেটাবেজ, ডেভেলপমেন্ট টুলস, ও সিকিউরিটি সফটওয়্যারের আমদানি শুল্ক ১০% থেকে ৫% করা হতে পারে।
নিউজপ্রিন্টে রেয়াত
সংবাদপত্র শিল্পে ব্যবহৃত নিউজপ্রিন্টে আমদানি শুল্ক ৫% থেকে কমিয়ে ৩% করার প্রস্তাব এনেছে এনবিআর। এটি স্থানীয় গণমাধ্যমকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন…নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি নেই, জায়গা নিচ্ছে ঐতিহাসিক স্থাপনা
ব্যাট ও সিফুডের দাম কমতে পারে
ক্রিকেট ব্যাট তৈরির কাঁচামাল উইলো কাঠের আমদানিতে শুল্ক কমিয়ে ২৬% করার প্রস্তাব রয়েছে (বর্তমানে ৩৭%)। একই সঙ্গে জাপানি সিফুড স্ক্যালোপে শুল্ক ২৫% থেকে কমিয়ে ৫% করা হতে পারে।
রূপচর্চা সামগ্রী ও চকলেটের দাম বাড়বে
লিপস্টিক, ফেসওয়াশসহ রূপচর্চা সামগ্রীর শুল্কায়নের ন্যূনতম মূল্য দ্বিগুণ করা হতে পারে। উদাহরণস্বরূপ, প্রতি কেজি লিপস্টিকের মূল্য ২০ ডলার থেকে বাড়িয়ে ৪০ ডলার করা হতে পারে। চকলেটের ক্ষেত্রেও ন্যূনতম মূল্য ৪ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার করার প্রস্তাব রয়েছে।
অন্যান্য ছাড় ও প্রণোদনা
রপ্তানি প্রক্রিয়াজাতকরণ শিল্পে ব্যবহৃত র্যাকিং সিস্টেম ও মেটাল ডিটেক্টর মেশিন আমদানিতে বর্তমানে যথাক্রমে ৫৮% ও ৩৭% শুল্ক রয়েছে। এই হার হ্রাসের প্রস্তাব থাকতে পারে।
এ ছাড়া দেশি সিরিশ কাগজ, বিদেশি মাখন ও বিভিন্ন ড্রিংকসের দাম কমার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে প্রায় ১৭২টি পণ্যের সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব রাখা হয়েছে নতুন বাজেটে।

