নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি নেই, জায়গা নিচ্ছে ঐতিহাসিক স্থাপনা

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ব্যাংক নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে, যেখানে আর থাকছে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। পরিবর্তে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি নতুন সিরিজের নোটে তুলে ধরা হয়েছে দেশের গৌরবময় স্থাপনা।
প্রথম দফায় ১০০০, ৫০ এবং ২০ টাকার তিনটি নতুন মূল্যমানের নোট আগামী ১ জুন ২০২৫ (১৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ) থেকে বাজারে আসবে। বিষয়টি পদ্মা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এই নতুন নোটগুলোতে দেশীয় স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনের চিত্র স্থান পেয়েছে। প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে এসব নোট ইস্যু করা হবে এবং ধাপে ধাপে অন্যান্য শাখায়ও পাওয়া যাবে।
আরো পড়ুন…সহসভাপতি গ্রেপ্তারের প্রতিবাদে দেশের জুয়েলারি দোকানে অনির্দিষ্টকালের তালা
যদিও নতুন ডিজাইনের নোটে বঙ্গবন্ধুর ছবি থাকছে না, তবে বর্তমানে চালু থাকা সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চলতে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে অন্যান্য মূল্যমানের নোটেও একই রকম পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
সংগ্রাহকদের জন্য বিশেষভাবে মুদ্রিত ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো বিনিময়যোগ্য নয়, তবে নির্ধারিত মূল্যে মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপটি দেশের মুদ্রানীতিতে এক নতুন অধ্যায় সূচনা করছে। এতে শুধু আধুনিক ডিজাইনই নয়, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ ও তুলে ধরার দিকেও জোর দেওয়া হয়েছে।

