শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলা, আহত ৬ সাংবাদিক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবন এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) দুপুরে এ হামলার সময় অন্তত ছয়জন সাংবাদিক আহত হন।
জানা গেছে, গারো পাহাড়ঘেরা বনাঞ্চলে পর্যটন কেন্দ্র স্থাপন নিয়ে স্থানীয় প্রশাসনের পরিকল্পনা ও বন বিভাগের আপত্তির প্রেক্ষাপটে এলাকা পরিদর্শনে যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। সেখানে তিনি জানান, “বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না।” একইসঙ্গে তিনি বলেন, ঐ এলাকায় হাতির জন্য একটি অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তার এ বক্তব্যের পর স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করে। পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষে থাকা দুটি পক্ষ উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা সাংবাদিকদের উপর হামলা চালায়।
আরও পড়ুন… জেলা প্রশাসকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ
আহত সাংবাদিকরা হলেন—এখন টিভির জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও দুইজন।
বন বিভাগের তথ্যমতে, শেরপুরের গারো পাহাড়ঘেঁষা তিনটি উপজেলার বনাঞ্চলে প্রায় ২১ হাজার একর বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ শতাংশ এখন দখলদারদের নিয়ন্ত্রণে। সম্প্রতি স্থানীয় প্রশাসন ২২৩ একর খাসজমিতে পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয়, যার মধ্যে ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবে চিহ্নিত। বন বিভাগের আপত্তির পর নির্মাণকাজ স্থগিত হয়ে যায়।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “এই বনভূমি রাষ্ট্রের সম্পদ। পর্যটনের নামে একে ধ্বংস হতে দেওয়া যাবে না। হাতির অভয়ারণ্য গঠনের উদ্যোগ নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি, সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

