১৯ বছর পর আবারও আর্জেন্টিনা–আলজেরিয়া দ্বৈরথ, স্মৃতিতে সেই তরুণ মেসির জাদু

দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার পর আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। দুই দলের অতীত পরিসংখ্যান বলছে, এর আগে মাত্র একবারই একে অপরের বিপক্ষে খেলেছে তারা। আর সেই ম্যাচটি আজও স্মরণীয় হয়ে আছে তরুণ লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের কারণে।
২০০৭ সালের ৫ জুন স্পেনের ক্যাম্প ন্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দল দুটি। সে সময় আর্জেন্টিনা দলে ছিলেন রবার্তো আয়ালা, হুয়ান রোমান রিকেলমে ও কার্লোস তেভেজের মতো অভিজ্ঞ ফুটবলাররা। তাদের সঙ্গেই ছিলেন মাত্র ১৯ বছর বয়সী লিওনেল মেসি, যিনি তখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে ছিলেন।
ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন কার্লোস তেভেজ। তবে দারুণ প্রত্যাবর্তন করে আলজেরিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দুই গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।
বিরতির পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। আর্জেন্টিনার আক্রমণের নেতৃত্বে উঠে আসেন মেসি। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরানোর পর আক্রমণভাগে একের পর এক সুযোগ তৈরি করেন তিনি। ম্যাচের ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিত করেন এই তারকা ফুটবলার। শেষ পর্যন্ত রোমাঞ্চকর সেই লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।
এরপর দীর্ঘ সময় আর দেখা হয়নি দুই দলের। অবশেষে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আসরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। বাংলাদেশ সময় বুধবার সকালে কানসাস সিটি স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে দুই দল।

