ইরান সংঘাতে আহত ৩৬৫ মার্কিন সেনা

ইরানকে ঘিরে চলমান সংঘাতে নতুন করে সামনে এসেছে হতাহত মার্কিন সেনাদের তথ্য। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বশেষ প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যই সবচেয়ে বেশি—২৪৭ জন। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, মেরিন কোরের ১৯ জন এবং বিমান বাহিনীর ৩৬ জন সদস্য রয়েছেন। তবে নিহতের সংখ্যা এখনো ১৩ জনেই অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতি ঘিরে নতুন একটি কূটনৈতিক উদ্যোগের খবরও সামনে এসেছে। ইরানের গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গত ২ এপ্রিল একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানের কাছে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়।
সংস্থাটির দাবি, মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর চাপ বাড়তে থাকায় এমন প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।
নিজস্ব প্রতিবেদক

