‘৮-১০ সেকেন্ডেই কাজ শেষ’ — চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের খুনের স্বীকারোক্তি

‘৮-১০ সেকেন্ডেই কাজ শেষ’, খুনের দায় স্বীকার আতাউলের
চট্টগ্রাম নগরের হালিশহরে কিশোর গ্যাং সংঘর্ষে নিহত ওয়াহিদুল হক ওরফে সাব্বির (১৮) হত্যার ঘটনায় মূল আসামি মো. আতাউল (২২) পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।
গত ১৬ মে রাতে নয়াবাজার এলাকায় চারটি অটোরিকশাযোগে এসে ‘পাইথন’ নামের কিশোর গ্যাংয়ের প্রায় ২২ জন সদস্য ওয়াহিদুলের ওপর হামলা চালায়। গ্যাংয়ের নেতৃত্বে থাকা আতাউল তখন তার পেটে ছুরিকাঘাত করে। মারাত্মক আহত অবস্থায় ওয়াহিদুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর তিনি মারা যান।
নিহত ওয়াহিদুল নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা এবং শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, এক কিশোরকে মারধরের প্রতিশোধ নিতেই পাইথন গ্রুপ ওয়াহিদুলকে টার্গেট করেছিল। তবে নিহত ওয়াহিদুল নিজেও ‘বিংগু গ্রুপ’ নামে আরেক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিলেন।
হত্যাকাণ্ডের পর ওয়াহিদুলের বাবা মো. এসহাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। এরপর র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার রাতে আতাউলকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়, ছুরিকাঘাত করেছে আতাউলই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাউল বলেন, “বেশি সময় লাগেনি, মাত্র ৮-১০ সেকেন্ডেই কাজ শেষ করেছি।”
ওয়াহিদুলের বাবা অভিযোগ করে বলেন, “জুমার নামাজ পড়ে বাসা থেকে বের হওয়ার পর তার এক বন্ধু তাকে নয়াবাজারে নিয়ে যায়। সেখানেই তাকে মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়।” তিনি সন্তানের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কিশোর গ্যাংয়ের ভয়াবহতা
চট্টগ্রাম নগরে কিশোর গ্যাংয়ের সক্রিয়তা ইতিমধ্যে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসে করা জরিপে দেখা যায়, নগরে প্রায় ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ের সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। গত ৬ বছরে তারা ৫৪৮টি অপরাধে জড়িত ছিল।
এ ছাড়া ওই জরিপে উল্লেখ করা হয়, এসব গ্যাংয়ের পেছনে অন্তত ৬৪ জন প্রভাবশালী ‘বড় ভাই’ আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন।
সাম্প্রতিক জরিপে আরও দেখা গেছে, চট্টগ্রামের স্কুলে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের ৫৪ শতাংশ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তারা ক্লাস ফাঁকি দিয়ে মাদক সেবন ও বিক্রি, ছিনতাই, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, পর্নোগ্রাফি এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি সামাজিক অস্থিরতার পেছনে এ প্রবণতাকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
আরও পড়ুন: শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার প্রথম পোস্টার উন্মোচন
নিজস্ব প্রতিবেদক

