শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার প্রথম পোস্টার উন্মোচন

শাকিব খানের ‘প্রিন্স’-এর প্রথম পোস্টার উন্মোচন
ঢাকাই সিনেমায় আসছে নতুন চমক— ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। ক্রাইম, অ্যাকশন, ভালোবাসা আর আবেগের সমন্বয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ সাজাচ্ছেন দর্শকের জন্য এক ভিন্ন স্বাদের সিনেমা।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় সামাজিক মাধ্যমে প্রকাশিত হলো ছবিটির প্রথম পোস্টার। নির্মাতা, শাকিব খানসহ পুরো টিম একসাথে পোস্টারটি শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
নিজের ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে নির্মাতা আবু হায়াত মাহমুদ লিখেছেন—
“প্রথম সিনেমা অনেকটা প্রথম সন্তানের মতো। হাজির হচ্ছে এক নতুন মিথ— ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এটি এক শহরের গল্প, যেখানে লুকিয়ে আছে কিংবদন্তি।”
অন্যদিকে শাকিব খান পোস্টারটি শেয়ার করে জানিয়েছেন—
“শুরু হলো নতুন এক অধ্যায়। এবার শহর চিনবে তার প্রকৃত নায়ককে।”
পোস্টারে দেখা যায়, অন্ধকার লালচে আভায় মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন এক চরিত্র— দুই হাতে উঁচু করে ধরা পিস্তল। চারপাশে লেখা ঢাকার বিভিন্ন জায়গার নাম— বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর। আর নিচে বড় অক্ষরে ভেসে উঠেছে—
“মেগাস্টার শাকিব খান – প্রিন্স – একদা এক সময় ঢাকাতে।”
জানা গেছে, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী নভেম্বর থেকে শুরু হবে শুটিং। শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তিনজন নায়িকা, তবে তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার
নিজস্ব প্রতিবেদক

