ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, কাটা পড়লো গরুটিও
২২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাজেদা খাতুন (৭৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। একই সঙ্গে কাটা পড়ে মারা যায় তার গরুটিও। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইমামবাড়ি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদা খাতুন ওই এলাকার মৃত ওহিদ ভূঁইয়ার স্ত্রী। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ইমামবাড়ি স্টেশন অতিক্রম করছিল। এ সময় মাজেদা খাতুন গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গরুটি রেললাইনে উঠে গেলে তিনি প্রাণপণ চেষ্টা করেন গরুটিকে টেনে সরানোর। দূর থেকে ট্রেনের চালক হুইসেল বাজিয়ে সরে যেতে ইঙ্গিত দিলেও তিনি রশি ছাড়তে চাননি। মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে গরুটি মারা যায় এবং রশির টানে তিনিও ছিটকে পড়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

