নবীনগরে রোগীর স্বজনদের হামলায় নার্স আহত

নবীনগরে রোগীর স্বজনদের হামলায় নার্স আহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় বিলম্ব হওয়ায় সেলিনা সুলতানা নামের এক নার্সের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনরা। এতে নার্সের মাথা ফেটে গিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। পরদিন দুপুরে দায়িত্বরত নার্স সেলিনা অন্য রোগীর সেবা দেওয়ার কারণে কিছুটা দেরি করলে জরিনা বেগম ও তার ছেলে রায়হান (২৪) ক্ষুব্ধ হয়ে পড়েন। এক পর্যায়ে রায়হান ও স্বজনরা নার্স সেলিনার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান বলেন, “নার্স সেলিনা একজন রোগীর কাজ শেষ করেই জরিনাকে ইঞ্জেকশন দেওয়ার কথা জানিয়েছিলেন। এতেই রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে তাকে মারধর করে। হামলার ফলে তার মাথায় সেলাই দিতে হয়েছে।”
এ বিষয়ে রোগী জরিনা বেগম বা তার পরিবারের কারো সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, ঘটনাটি নিয়ে হাসপাতালের আরএমও বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি রায়হানকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।