নবীনগরে প্রচণ্ড গরমে অসুস্থ ২২ ছাত্রী, হাসপাতালে ভর্তি ৪ জন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী। এর মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় স্কুল ছুটি ঘোষণা করা হয়।
;
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা জানান, অতিরিক্ত গরম ও পানিশূন্যতার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তিনি বলেন, “Heat exhaustion বা অতিরিক্ত গরমে শরীরের ওপর প্রভাব পড়লে এমন ঘটনা ঘটে। ঘাম, পানি ও লবণের ঘাটতি, শারীরিক দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবও এর অন্যতম কারণ।”
তিনি আরও পরামর্শ দেন— গরমে শিশু ও কিশোরদের পর্যাপ্ত পানি পান, ওআরএস খাওয়া এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা অফিসার দ্রুত হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

