অবশেষে মেসির এক ম্যাচের নিষেধাজ্ঞা

অবশেষে মেসির এক ম্যাচের নিষেধাজ্ঞা
মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। ফলে আসছে শনিবার সিনসিনাটির বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামতে পারবেন না তারা।
গত বুধবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত অল-স্টার ম্যাচে মেসি ও আলবা অংশ নেননি। ওই ম্যাচে এমএলএস তারকাদের দল মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের কাছে ৩-১ ব্যবধানে হেরে যায়।
এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, “লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি লিগের অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে না খেলেন, তাহলে তাকে পরবর্তী ম্যাচে খেলতে দেওয়া হয় না।”
এ বিষয়ে এমএলএস কমিশনার ডন গারবার বলেন, “মেসিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। মেসি লিগের জন্য যা করেছেন, তা অনন্য। তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তবে অল-স্টার ম্যাচ সংক্রান্ত আমাদের একটি দীর্ঘদিনের নীতি আছে, যেটি কার্যকর করা ছাড়া উপায় ছিল না।”
৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা মেসি চলতি মৌসুমে এমএলএসে ১৮ ম্যাচে করেছেন ১৮ গোল। অন্যদিকে ৩৬ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা খেলেছেন ১৯ ম্যাচ।
বার্সেলোনায় ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত একসঙ্গে খেলা এই দুই ফুটবলার এখন ইন্টার মায়ামির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন। পিএসজির কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর জুলাই মাসে মায়ামির হয়ে আরও পাঁচটি ম্যাচ খেলেন মেসি, যেখানে একাই করেন ৮ গোল।
মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো ইএসপিএনকে জানান, “মেসি এখন অনেক বেশি ম্যাচ খেলছেন, তাই কিছুটা ক্লান্তি আসাটাই স্বাভাবিক। খেলোয়াড়রা প্রায়ই অস্বস্তি বোধ করে, বিশেষ করে যখন কয়েক দিনের ব্যবধানে একের পর এক ম্যাচ খেলতে হয়।”

