ইসরায়েলকে পালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিল ইরানের বিপ্লবী গার্ড

🟩 দুইটি ‘ভয়ংকর পরিণতি’র মধ্যে একটি বেছে নিতে বলেছে আইআরজিসি
🟩 ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষম ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
🟩 ‘জাহান্নামের দরজা’ খুলে দেওয়ার হুমকি শহীদ কমান্ডারের নামে
🟩 ফিলিস্তিন দখল ছেড়ে দ্রুত সরে যাওয়ার আহ্বান ইরানের
ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দুইটি কঠিন বিকল্প দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা বলেছে, “ভয়ংকর পরিণতি ভোগ করা” অথবা “পালিয়ে যাওয়া”—এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে”।
বৃহস্পতিবার (১৯ জুন) দ্য জুইশ প্রেস-এর এক প্রতিবেদনে জানানো হয়, আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের কাছে নেই। এ পরিস্থিতিতে তাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলিরা ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বিকল্প একটাই—ফিলিস্তিনের দখল করা ভূমি ছেড়ে দ্রুত সরে যাওয়া।
আইআরজিসি আরও জানায়, “এখন ইসরায়েলের আকাশ যেন ইরানের ক্ষেপণাস্ত্র বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গেছে”। দখলদারদের ওপর হামলা অব্যাহত থাকবে।
আরও পড়ুন… আবারও আলজাজিরার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলি মন্ত্রী
তারা শহীদ আইআরজিসি প্রধান হোসেইন সালামির একটি পুরোনো ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে বলে, “এবার জায়নবাদীদের বিরুদ্ধে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে”।
আরও বলা হয়, “ইসরায়েলে এক মুহূর্তের জন্যও সাইরেনের শব্দ থামবে না। দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না”।
তাদের আহ্বান, “যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যাও”।
এই বিবৃতিকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষত যখন দুই পক্ষই সরাসরি সামরিক ভাষায় হুমকি বিনিময় করছে।

