ইতালিতে পারিবারিক বিরোধে ছোট ভাই নিহত, আটক বড় ভাই

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে ঘটেছে হৃদয়বিদারক এক হত্যাকাণ্ড। দেশটির লেচ্চে শহরে বড় ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) রাতের দিকে লেচ্চেতে বসবাসরত দুই বাংলাদেশি প্রবাসী—হুমায়ুন ফকির ও নয়ন ফকিরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নের ওপর হামলা চালান।
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই নয়ন ফকিরের মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, তিনি কলের মাধ্যমে নিহতের রক্তাক্ত দেহ দেখিয়ে ঘটনার দায় স্বীকার করেন। এমন মর্মান্তিক দৃশ্য দেখে পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েন।
খবর পেয়ে ইতালিয়ান আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হুমায়ুন ফকিরকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।
নিহত ও অভিযুক্ত দুই ভাইই মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। এ ঘটনায় ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় প্রবাসী নেতারা।

