ফ্যাসিবাদীদের বিচার ত্বরান্বিত না করলে অর্জন রক্ষা সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জন এসেছে, তা ধরে রাখতে হলে ফ্যাসিবাদীদের বিচার ও রাজনৈতিক সংস্কারকে ত্বরান্বিত করতে হবে।” রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তিনি সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শুক্রবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের দেওয়ান বাজারে জামায়াতের মহানগর কার্যালয়ের (বিআইএ) মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আব্দুল হালিম ও মাওলানা মুহাম্মদ শাহজাহান।
‘সাংগঠনিক দায়িত্ব পালনে সবাইকে প্রস্তুত থাকতে হবে’
আরও পড়ুন… সুদের টাকা ঘিরে কোটালীপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, রাবার বুলেট-টিয়ার শেল নিক্ষেপ
বক্তব্যে পরওয়ার বলেন, “দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জামায়াত ইতিবাচক রাজনীতির চর্চায় বিশ্বাসী। আমরা চাই রাজনৈতিক দলগুলো একযোগে কাজ করুক।” তিনি আরও বলেন, “বর্তমান ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র ও জনতার ত্যাগের চূড়ান্ত মূল্য যেন বৃথা না যায়, সেজন্য সাংগঠনিকভাবে সক্রিয় থাকা জরুরি।”
সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, অধ্যক্ষ মুহাম্মদ তাহের, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

