সুদের টাকা ঘিরে কোটালীপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, রাবার বুলেট-টিয়ার শেল নিক্ষেপ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার মাঝবাড়ী ও বংকুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, বংকুরা গ্রামের রেয়াজুল শেখ ‘মাওলানা ফারুক’ নামে পরিচিত আমবাড়ী গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। পরে সুদসহ ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার পরও ফারুক আরও টাকা দাবি করেন।
বৃহস্পতিবার ফারুকের লোকজন রেয়াজুলকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন… বিএনপির চিঠিই এখন অভিশাপ: গলাচিপায় নুরুল হক নুরের অভিযোগ
তবে শুক্রবার সকালে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত কয়েকজন আহত হন এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ পদ্মা টেলিভিশনকে জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।”
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

