নড়াইলে সেনা অভিযানে উদ্ধার ৪.৫ ক্যালিবারের স্নাইপার রাইফেল

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে একটি ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার রাইফেল। রোববার (গতকাল) মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় কেউ গ্রেপ্তার হয়নি।
সোমবার সকালে নড়াইল সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয়দের ওপর প্রভাব বিস্তার করছিলেন পুরুলিয়ার বাসিন্দা সোহান মোল্যা। এ ধরনের সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রাতে সোহানের বাড়িতে অভিযান চালায়।
আরো পড়ুন…সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
অভিযানকালে সোহানের বিছানার নিচ থেকে উদ্ধার করা হয় একটি স্নাইপার নাইট্রো রাইফেল। রাইফেলটিতে টেলিস্কোপ ও সাইলেন্সার যুক্ত ছিল। তবে সোহান মোল্যা ওই সময় বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিকেল তিনটার দিকে পদ্মা টেলিভিশনকে মুঠোফোনে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি সেনাবাহিনী থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

