সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আবদুল হামিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়নি। যদি তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সরকার এমন কোনও ব্যক্তিকে শাস্তির মুখোমুখি করতে চায় না, যিনি অপরাধ করেননি। এজন্য প্রতিটি মামলার বিষয়ে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাবেক রাষ্ট্রপতির বিদেশযাত্রার বিষয়ে যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।
এর আগে রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন মো. আবদুল হামিদ। রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান এবং সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করেন। রাত ২টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন কার্যক্রম শেষ হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।
আরো পড়ুন…ইলন মাস্ককে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘গুরুতর পরিণতি’ অপেক্ষা করছে!
গত মে মাসের শুরুতে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান সাবেক এই রাষ্ট্রপতি। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান। জানা গেছে, দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গিয়েছিলেন। তার দেশত্যাগে কোনো সরকারি নিষেধাজ্ঞা ছিল না।
এদিকে, এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি আবদুল হামিদের বিদেশযাত্রায় কারা সহযোগিতা করেছেন তা খতিয়ে দেখছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় ১৪ জানুয়ারি সদর মডেল থানায় দায়ের করা এক মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের নাম রয়েছে।
মো. আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং ২০১৮ সালের ২৪ এপ্রিল পুনরায় দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় নিজ বাসভবনে বসবাস শুরু করেন।

