হজের আগেই ফিরিয়ে দিয়েছে আড়াই লাখের বেশি মুসল্লিকে: সৌদি আরব

২০২৫ সালের হজের প্রস্তুতিতে সৌদি আরব কঠোর ব্যবস্থা নিয়েছে। অনুমতি ছাড়া হজে অংশগ্রহণের চেষ্টা করা প্রায় ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জন মুসল্লিকে মক্কায় প্রবেশ থেকে বাধা দেওয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ অবৈধ হজ কার্যক্রম বন্ধে বিশেষ নজর রাখছে।
সৌদি কর্তৃপক্ষ বলেছে, অননুমোদিত হজযাত্রীদের কারণে গত বছরের গরমে প্রায় ১ হাজার ৩০০ জনের মৃত্যু ঘটে, যা এ বছরের কঠোর পদক্ষেপের পেছনে অন্যতম কারণ।
বর্তমানে আনুষ্ঠানিকভাবে মক্কায় প্রায় ১৪ লাখ মুসল্লি অবস্থান করছেন এবং আরো মানুষ আগমন করবেন বলে আশা করা হচ্ছে। সৌদি নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করলে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা ও নির্বাসনের শাস্তি হতে পারে, যা সৌদি নাগরিক এবং বাসিন্দাদের ক্ষেত্রেও প্রযোজ্য।
আরও পড়ুন… বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে: জামাতের সময়সূচি
এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুমতি ছাড়া প্রবেশের জন্য আরও ২৩ হাজারের বেশি সৌদি বাসিন্দার জরিমানা করা হয়েছে এবং ৪০০টির বেশি হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।
সৌদি নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি বলেছেন, “হজের নিয়ম অমান্যকারী কাউকে ছাড় দেয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

