প্রিয়জনের টানে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হতে শুরু করেছে ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঢল। বাস, ট্রেন, লঞ্চ—সব মাধ্যমেই উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ।
আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) থেকে ঈদের ছুটি শুরু হলেও, অনেকেই আজই (বুধবার) ঢাকা ছাড়ছেন। কেউ শেষ কর্মদিবসে অফিস শেষে ছুটছেন, আবার কেউ পরিবারকে আগেই পাঠিয়ে রওনা হচ্ছেন বিকেলে।
কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই দেখা গেছে প্রচণ্ড ভিড়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। একই চিত্র গাবতলী, মহাখালী ও কল্যাণপুর বাস টার্মিনালেও।
আরও পড়ুন… বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে: জামাতের সময়সূচি
যাত্রীচাপে আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে যানজট। গাড়ি ছাড়তেও সময় লাগছে কিছুটা, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
ভোর থেকে দুপুর পর্যন্ত চাপ কিছুটা সহনীয় থাকলেও, দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় ও চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীজুড়ে এখন যেন ঈদের ছুটির প্রাক্কালে আত্মীয়-স্বজনের সান্নিধ্যে ছুটে চলার এক প্রাণবন্ত প্রতিচ্ছবি।

