মোবাইল ফোনে ভ্যাট বাড়ানোর প্রস্তাব, দাম বাড়তে পারে মোবাইল ফোনের

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে তৈরি মোবাইল ফোনে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব বাস্তবায়ন হলে মোবাইল ফোনের বাজারে মূল্যবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রস্তাবনার ভিত্তিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতীয় বাজেট উপস্থাপন করেন। এতে মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট বাড়ানোর কথা বলা হয়।
এবারের বাজেট ঘোষণা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। কারণ নির্বাচিত সরকার এখনও দায়িত্ব নেয়নি। সাধারণত প্রতি বছর জুন মাসের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হলেও এবার ৫ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় ব্যতিক্রম হিসেবে ২ জুন বাজেট পেশ করা হয়েছে।
আরও পড়ুন… হাত দিয়ে গোল করে লাল কার্ড, বিতর্কের কেন্দ্রবিন্দুতে নেইমার
প্রথা অনুযায়ী, বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত রাজস্ব নীতিমালা এবং কর, শুল্ক ও ভ্যাট কার্যকর ধরা হয়। ফলে বাজেট পেশের সঙ্গে সঙ্গেই মোবাইল ফোনের দামে প্রভাব পড়তে শুরু করতে পারে।
এ প্রসঙ্গে ভোক্তারা বলছেন, দেশে মোবাইল ফোন এখন আর বিলাসী পণ্য নয়, বরং প্রয়োজনীয়তার জায়গা থেকে বিবেচনা করা উচিত। এ অবস্থায় অতিরিক্ত ভ্যাট সাধারণ মানুষের ওপর চাপ বাড়াবে বলে মনে করছেন তারা।