চাঁদাবাজি-হুমকির প্রতিবাদে মহাসড়ক অবরোধ, উত্তেজনা শ্রীপুরে

গাজীপুরের শ্রীপুরে চাঁদা দাবিসহ পরিবহন শ্রমিকদের মারধর, বাসে হামলা এবং অগ্নিসংযোগের হুমকির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রভাতী-বনশ্রী পরিবহনের শ্রমিকরা।
সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শ্রীপুরের জৈনাবাজার এলাকায় সড়ক অবরোধ চলে। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রভাতী-বনশ্রী পরিবহনের ব্যবস্থাপক তোফায়েল আহমেদ জানান, রোববার (১ জুন) গভীর রাতে গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ ও তার সঙ্গীরা পরিবহনের স্ট্যান্ডে রাখা দুটি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং শ্রমিকদের মারধর করে।
আরও পড়ুন… ছয় জেলায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড
তোফায়েল বলেন, তারা প্রতিটি গাড়ির জন্য ৫০০ থেকে ১ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাসে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো, অনেক শ্রমিক বাসেই রাত কাটান।
তিনি আরও জানান, ওই রাতে প্রতিবাদ করায় হেলপার আরিফ হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বিক্ষুব্ধ শ্রমিকরা সকালে রাস্তায় নেমে এসে সড়ক অবরোধ করে হেলপারকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলপারকে উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
আরও পড়ুন… আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টি ও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে অভিযুক্ত ফাহিম আহমেদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

