ছয় জেলায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড

আগামী ২-৩ দিনের মধ্যে দেশের ছয়টি জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টানা ভারী বৃষ্টিপাতের কারণে এসব অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলার নিচু এলাকাগুলোতে অস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তী একদিনে পানির স্তর কমতে পারে।
এছাড়াও, সিলেট ও ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী তিনদিনের মধ্যে এসব নদীর পানি বিপৎসীমার ওপরে উঠতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনা জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে।
আরো পড়ুন…সরকারকে ইশরাক হোসেনের হুঁশিয়ারি: ‘এটাই শেষ সুযোগ’
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সময়ে বরিশাল, খুলনা এবং চট্টগ্রামের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার দেখা দিতে পারে।
অন্যদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সাময়িকভাবে কমলেও আগামী কয়েকদিনে আবারও পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ দুই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরো পড়ুন…বড় বাজেট বিলের সমালোচনায় ইলন মাস্ক, বললেন ‘ঘাটতি কমায় না, বরং বাড়ায়’
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান পদ্মা টেলিভিশনকে বলেন, “বর্তমান পরিস্থিতি অনুযায়ী ছয়টি জেলার নিচু এলাকাগুলোতে পানি ঢুকতে পারে। তবে যদি বৃষ্টিপাতের পরিমাণ কমে, তাহলে পানি দ্রুত নেমে যাবে।”

