হাতিয়ায় মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ ৬, উদ্ধার ৩৩ যাত্রী

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন যাত্রী।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে বয়ারচরের করিম বাজার ঘাটের দিকে যাত্রা করার সময় ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুবুদ্দিন।
তিনি জানান, ট্রলারটিতে ৩৯ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। ঘাটের কাছাকাছি পৌঁছানোর পর এটি ডুবে যায়। স্থানীয়রা পাশে থাকা দুটি ট্রলারের সহায়তায় ৩৩ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। তবে নিখোঁজদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন… পাকিস্তানে বজ্রঝড় ও ভূমিধসে ১০ জনের মৃত্যু, আহত অন্তত ৪৩
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা জানান, এখন পর্যন্ত ৩৯ জন যাত্রীর মধ্যে ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ৬ জনের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, হাতিয়ার নৌ পুলিশের কর্মকর্তা উত্তম সাহা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে। নিখোঁজদের খোঁজে স্থানীয়দের সঙ্গে নৌপুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

