ঈদে ট্রেনযাত্রা: আজ থেকে রেলওয়ের বিশেষ সার্ভিস, থাকবে ৫ জোড়া স্পেশাল ট্রেন

কোরবানির ঈদকে কেন্দ্র করে আজ শনিবার (৩১ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন সার্ভিস। ঈদযাত্রায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় এড়াতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের বিশেষ ট্রেন পরিচালনায় প্রতিটি জোন ও ডিভিশনে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে। কর্মকর্তাদের জরুরি ডিউটি তালিকাভুক্ত করা হয়েছে যাতে যে কোনো সময়ে যাত্রা নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া যায়।
বিশেষ কর্মপরিকল্পনায় বলা হয়েছে, জংশন ও গুরুত্বপূর্ণ স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের সরাসরি তদারকিতে ট্রেন চলাচল নিশ্চিত করা হবে। ট্রেন চলাচলে ব্যাঘাত এড়াতে রেললাইন প্যাট্রোলিংয়েরও ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন… “কোরবানির আগে সাত দিনের সুন্নত আমল: কীভাবে প্রস্তুত হবেন ঈদের জন্য”
অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে পূর্বাঞ্চলের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৯টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলের সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ১৫টি ব্রডগেজ কোচ যুক্ত করা হচ্ছে। একইসঙ্গে ঈদের সময় যাত্রী পরিবহনে ২৭টি অতিরিক্ত লোকোমোটিভ প্রস্তুত রাখা হবে।
পদ্মা টিভির তথ্য অনুযায়ী, এবারের ঈদে ঘরমুখো মানুষের জন্য ৫ জোড়া বিশেষ ট্রেন চালু থাকবে। এর মধ্যে দেশের বৃহত্তম ঈদ জামাত শোলাকিয়ায় অংশগ্রহণকারীদের জন্য বরাদ্দ থাকবে ২ জোড়া স্পেশাল ট্রেন।
অন্যান্য স্পেশাল ট্রেন চলবে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে। এছাড়া শোলাকিয়ার ঈদ জামাতের সুবিধার্থে দুটি ট্রেন চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে।
আরও পড়ুন… জিলহজের প্রথম ১০ দিন: আল্লাহর নৈকট্য অর্জনের সেরা সময়
এবারের ঈদযাত্রায় কোরবানির পশুবাহী ট্রেনও থাকছে বিশেষ গুরুত্বে। দুই রুটে তিনটি ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন চলবে। এর মধ্যে ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ থেকে ২ জুন বিকাল ৫টায় ঢাকার উদ্দেশে ছাড়বে এবং একই রুটে ৩ জুন আরও একটি ট্রেন চলবে। অন্যদিকে ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকায় রওনা হবে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে।
রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, ঈদযাত্রায় যাত্রী ও পশুবাহী ট্রেন সার্ভিস সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

