কুমিল্লায় জন্ম নেয় ফারুকী-তিশার প্রেম

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবনের শুরু ২০১০ সালের জুলাই মাসে। প্রায় দেড় দশক পর এসে জানা গেল, এই তারকা দম্পতির প্রেমের সূচনা হয়েছিল কুমিল্লায়, একটি নাটকের শুটিং সেটে।
রোববার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে নজরুলের স্মৃতিচারণ করতে গিয়েই উঠে আসে তাঁর নিজের প্রেমের গল্প।
ফারুকী বলেন, “কুমিল্লার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। আমি বহুবার এখানে শুটিং করেছি। তিশার সঙ্গে আমার সম্পর্কের গভীরতা শুরু হয়েছিল এখানেই, ‘ক্যারাম’ নামে একটি নাটক করতে গিয়ে। কুমিল্লা শুধু নজরুলের প্রেমের শহর নয়, আমার জীবনেও এটি প্রেমের শহর।”
তিনি আরও বলেন, “শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমরা নজরুলের স্মৃতিবিজড়িত স্থানগুলো নিয়ে কথা বলতাম, সেগুলো খুঁজে বেড়াতাম। কুমিল্লার প্রতিটি কোণায় ইতিহাস আর প্রেম লুকিয়ে আছে।”
আরো পড়ুন…স্ত্রীকে রাগিয়ে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট! বিমানেই ঘটলো কাণ্ড
এই বছর জাতীয় পর্যায়ে নজরুল জন্মবার্ষিকীর মূল আয়োজনটি কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে। ‘চব্বিশের গণ-অভ্যুত্থান, নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুমিল্লা জেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান। এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং পুলিশ সুপার নাজির আহমেদ খান।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরাসহ অনেকেই সংগীত পরিবেশন করেন।
আরো পড়ুন…শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলা, আহত ৬ সাংবাদিক
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারুকী ও তিশা। তাঁদের একমাত্র কন্যার নাম ইলহাম নুসরাত ফারুকী। ‘ক্যারাম’ নাটকটি নির্মাণ করেছিলেন ফারুকী কচি খন্দকারের গল্প অবলম্বনে, যেখানে আলোচনায় আসেন অভিনেতা মোশাররফ করিম।