২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আসর। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নানা বিশ্লেষণ ও পূর্বাভাস। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন চ্যাটবটের ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে শিরোপার দৌড়ে একাধিক শক্তিশালী দলকে বিবেচনায় রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গত আসরের রানার্সআপ ফ্রান্স এবং ইউরোপের অন্যতম পরাশক্তি স্পেন।
সম্প্রতি বিশ্বের জনপ্রিয় চারটি এআই প্ল্যাটফর্ম—চ্যাটজিপিটি, ক্লাউড, গুগল জেমিনি এবং কোপাইলটকে একই প্রশ্ন করা হয়: “২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের সবচেয়ে সম্ভাব্য দল কোনটি?” আশ্চর্যজনকভাবে চারটিই স্পেনকে এগিয়ে রেখেছে। পাশাপাশি ফ্রান্সকেও অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করা হয়েছে।
চ্যাটজিপিটির বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান পরিসংখ্যান, দলগত ভারসাম্য এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেনকে ফেভারিট ধরা যায়। একই ধরনের মূল্যায়ন করেছে গুগল জেমিনি, যেখানে স্পেনের পরেই ফ্রান্সকে রাখা হয়েছে।
অন্যদিকে ক্লাউডের মতে, ৪৮ দলের প্রতিযোগিতায় স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা কিছুটা হলেও ফ্রান্সের চেয়ে বেশি। তরুণ প্রতিভা লামিন ইয়ামালের উপস্থিতিও দলটির শক্তি বাড়িয়েছে। তবে টুর্নামেন্টের শুরুতেই নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন বলেও উল্লেখ করা হয়েছে।
কোপাইলটের বিশ্লেষণে বলা হয়, বেটিং মার্কেট, ডেটা মডেল ও সাম্প্রতিক র্যাঙ্কিংয়ের আলোকে স্পেনকে সবচেয়ে এগিয়ে রাখা যায়। তাদের সম্ভাব্য জয়ের হার প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ হতে পারে, যা অন্যান্য দলের তুলনায় বেশি।
সব মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন বিশ্লেষণে বিশ্বকাপ জয়ের সম্ভাব্য তালিকার শীর্ষে উঠে এসেছে স্পেনের নাম। তবে ফুটবল যে অনিশ্চয়তার খেলা, সেটিও মনে করিয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ১৯ জুলাই ট্রফি কার হাতে উঠবে।
এদিকে সোমবার রাতে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে স্পেন। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কেপ ভার্দে। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা জয় দিয়ে মিশন শুরু করতে পারে কি না, সেদিকেই এখন তাকিয়ে ফুটবল বিশ্ব।