জোনাইল বাজারে সরকারি শেড দখলের অভিযোগে যুবদলের ৩ নেতা আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারে সরকারি শেড ঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদেরকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২ জুন) দুপুরে ঘটনাটি ঘটলেও সন্ধ্যার পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।
আটককৃতরা হলেন—মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সদস্য মো. শফিকুল ইসলাম ও কর্মী সোহাগ মিয়া।
আরও পড়ুন… তাহিরপুরে মসজিদে চুরির অভিযোগ স্বীকার যুবলীগ নেতার; থানায় অভিযোগ নেই
স্থানীয় সূত্রে জানা গেছে, ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারশিপ পেতে হলে নির্ধারিত শর্ত অনুযায়ী ভাড়ার চুক্তিপত্রসহ একটি গোডাউন থাকা বাধ্যতামূলক। কিন্তু অভিযুক্তরা এসব নিয়ম না মেনে জোনাইল বাজারের একটি সরকারি শেড ঘর দখল করে ওএমএস পয়েন্ট হিসেবে চালানোর চেষ্টা করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হাসান লিখিত অভিযোগ দিলে সেনাবাহিনীর একটি দল অভিযুক্তদের আটক করে।
ব্যবসায়ী নাজমুল হাসান জানান, “আমি এবং আমার ভাই দীর্ঘদিন ধরে ওই শেড ঘরে বৈধভাবে ব্যবসা করে আসছি। হঠাৎ করে তারা ঘরটি দখল করে ওএমএস ডিলার পয়েন্ট বানাতে চায়। বাধ্য হয়ে আমি লিখিত অভিযোগ দেই।”
আরও পড়ুন… ছাত্রদল নেতার গুদামে সরকারি চাল, জামালপুরে আটক ৩
মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন জানান, “আটক তিনজন বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঘটনা সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান পদ্মা টেলিভিশনকে বলেন, “আমরা বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। সত্যতা পেলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

